হরমুজ প্রণালিতে ৯ দিনে ১১ তেলবাহী ট্যাংকারে আগুন: আইআরজিসি

হরমুজ প্রণালিতে মাত্র নয় দিনে ১১টি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। তাদের দাবি, গত ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এসব ট্যাংকারে আগুন লাগে। এর মধ্যে কয়েকটি সমুদ্রের গভীরে ডুবে গেছে বলেও জানিয়েছে বাহিনীটি।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইআরজিসির নৌবাহিনীর কমান্ড অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, মাত্র নয় দিনের মধ্যে হরমুজ প্রণালিতে ১১টি পৃথক তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। কয়েকটি ট্যাংকার সমুদ্রের গভীরে তলিয়ে গেছে বলেও দাবি করা হয়।

আইআরজিসির নৌবাহিনীর পোস্টে ২৫ অক্টোবরের ঘটনাটিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই দিন হরমুজ প্রণালি পরিদর্শনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার। তার ওই সফরকে প্রদর্শনমূলক সফর হিসেবে উল্লেখ করেছে ইরানি বাহিনী। ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ট্যাংকারগুলোতে আগুন লাগার ঘটনাগুলো ঘটেছে বলে দাবি তাদের।

তবে এসব ট্যাংকারে কী কারণে আগুন লেগেছে, সেগুলোর পরিচয় কী কিংবা জাহাজগুলোর মালিকানা ও সংশ্লিষ্ট দেশের বিষয়ে পোস্টে বিস্তারিত জানানো হয়নি। আগুন লাগার ঘটনাগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তার ওই সফরের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও কোনো প্রমাণ উপস্থাপন করেনি আইআরজিসির নৌবাহিনী।

ইরানি বাহিনীর এই দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্যও সরবরাহ করা হয়নি মূল প্রতিবেদনে। ফলে হরমুজ প্রণালিতে নয় দিনে ১১টি তেলবাহী ট্যাংকারে আগুন লাগা এবং কয়েকটি ডুবে যাওয়ার তথ্য আপাতত আইআরজিসির নৌবাহিনীর দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। সূত্র: ইসলামিক রিপালবিক নিউজ এজেন্সি