মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরান সরকারকে বিশেষ ক্ষমতা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে সংলাপের মাধ্যমে সমাধান খুঁজতে চেষ্টা করছে তেহরান। এ প্রক্রিয়ায় সরকারকে কিছু বিশেষ ক্ষমতা দিয়েছেন সর্বোচ্চ নেতা।
পেজেশকিয়ান বলেন, ‘আমরা সংলাপের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এ ক্ষেত্রে সর্বোচ্চ নেতাও সরকারকে কিছু ক্ষমতা দিয়েছেন।’
তবে সরকারকে ঠিক কী ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সরকারের ক্ষমতার পরিধি কতটা হবে কিংবা এই সিদ্ধান্তের ফলে আলোচনায় কী ধরনের অগ্রগতি হতে পারে, সে বিষয়েও প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। সূত্র: প্রেস টিভি