সৌদি আরবে আকস্মিক বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বজ্রসহ বৃষ্টি, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি টর্নেডো সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, দেশটির অধিকাংশ অঞ্চলে হালকা থেকে ভারি মাত্রার বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর সঙ্গে থাকবে তীব্র বাতাস, ধূলিঝড় এবং বিপজ্জনক বন্যার ঝুঁকি।

সর্বশেষ আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, জাজান, আসির, আল বাহা এবং মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল, নাজরান এবং রিয়াদের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) গালফ নিউজ বলছে, পবিত্র শহর মক্কা ও তায়েফ, আল জুমুম, বাহরা, মাইসান, আধাম ও আল আরদিয়াত গভর্নরেটগুলোতে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, জেদ্দা, রাবিঘ ও খুলাইস অঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আল লিথ ও আল কুনফুদাহ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এনসিএম সতর্ক করেছে, বজ্রপাতের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে, যা ধুলোবালি উড়িয়ে দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে।
 
এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং উপকূলীয় এলাকায় সৃষ্টি হতে পারে বড় ঢেউ। সংস্থাটি জানিয়েছে, যেসব এলাকায় অতিভারি বৃষ্টিপাত হবে, সেখানে টর্নেডো বা জলস্তম্ভ তৈরির আশঙ্কা রয়েছে।