ইরান থেকে ১ হাজার কিলোমিটারের বেশি দূরে সরে গেছে মার্কিন বাহিনী: ফাদাভি

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় দেশটির সীমান্ত থেকে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম এক হাজার কিলোমিটারের বেশি দূরে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডারের উপদেষ্টা দলের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি।

শুক্রবার প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর ইতিহাসের কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেও দেশটির জনগণকে নিজেদের লক্ষ্য থেকে সরাতে কিংবা চাপের মুখে নতি স্বীকার করাতে পারেনি।

ফাদাভি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিজেরাও ওয়াশিংটনের রাজনৈতিক পরাজয়ের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন।

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্ব এবং ইরানের নৌ-সামরিক সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতগুলোতে মার্কিন বাহিনী তাদের যুদ্ধজাহাজ ও অন্যান্য নৌ-সামরিক সরঞ্জাম ইরানের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরিয়ে নিয়েছে।

তাঁর ভাষ্য, মার্কিন বাহিনী যখনই ইরানের কাছাকাছি আসার চেষ্টা করেছে, তখনই দেশটির সশস্ত্র বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে।

ফাদাভির বক্তব্যে পারস্য উপসাগরে ইরানের সামরিক অবস্থান ও প্রতিরোধ সক্ষমতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম এক হাজার কিলোমিটার দূরে সরিয়ে নেওয়ার দাবির পক্ষে তিনি নির্দিষ্ট সময়, স্থান বা সামরিক তথ্য তুলে ধরেননি।