বছরের পর বছর ষড়যন্ত্র করেও ইরানের বিরুদ্ধে শত্রুরা ব্যর্থ: মোভাহেদি-আজাদ

ইরানের বিরুদ্ধে বছরের পর বছর ধরে নানা ষড়যন্ত্র ও পরিকল্পনা করেও শত্রুরা নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান কৌঁসুলি মোহাম্মদ মোভাহেদি-আজাদ। তিনি বলেছেন, বিভিন্ন যুদ্ধ ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার মধ্যেও ইরানি জনগণের প্রতিরোধ ও দৃঢ়তা দেশকে এগিয়ে যেতে সহায়তা করেছে।

শনিবার ইসফাহানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোভাহেদি-আজাদ এসব কথা বলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নিরাপত্তাহীনতা তৈরির লক্ষ্যে দীর্ঘদিন ধরে পরিকল্পনা ও বিনিয়োগ করেছে দেশটির শত্রুরা। সাম্প্রতিক যুদ্ধগুলোতেও তারা নিজেদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে।

ইরানি জনগণের প্রতিরোধ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, বিভিন্ন দেশের কর্মকর্তারা ইরানি জাতির দৃঢ়তা ও অর্জনের প্রশংসা করেছেন।

মোভাহেদি-আজাদ আশা ও আত্মবিশ্বাস ধরে রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞতা অর্জনকারী প্রজন্মের পাশাপাশি তরুণ প্রজন্মেরও দেশ রক্ষার দায়িত্ব রয়েছে।

নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের অগ্রগতির সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও দেশটির এগিয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে।