ইয়েমেনে সৌদি হামলায় হতাহত ১ হাজার ৩৯ জন, সানায় নিহত ৩২

ইয়েমেনে সৌদি আরবের হামলা ও সামরিক অভিযানে গত ১৩ জুলাই থেকে এ পর্যন্ত ১ হাজার ৩৯ জন নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সানা প্রদেশে আবাসিক বাড়িতে চালানো বিমান হামলার পর ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে এখনো কাজ করছেন উদ্ধারকর্মীরা।

ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সানা প্রদেশের বানি হুশাইশ জেলার আল-শারিয়াহ গ্রামে বেসামরিক নাগরিকদের বাড়িঘরে সৌদি বিমান হামলায় প্রাথমিক হিসাবে ৩২ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে।

মন্ত্রী অভিযোগ করেন, আহতদের সরিয়ে নেওয়ার সময় সৌদি যুদ্ধবিমান উদ্ধারকর্মী ও চিকিৎসা দলকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে, তায়েজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলার আল-হাদারাহ বাজারে সৌদি বিমান হামলায় ৩০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। হতাহতের এ সংখ্যা চূড়ান্ত নয় বলে জানিয়েছেন ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও জানান, গত আট দিনে তায়েজ প্রদেশে ১৯৯ জন নিহত ও আহত হয়েছেন। এতে ১৩ জুলাই থেকে সৌদি হামলা ও সামরিক অভিযানে ইয়েমেনে মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৯ জনে।

ইয়েমেনের বিভিন্ন প্রদেশের একাধিক এলাকায় সৌদি বিমান হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।