মাটির গভীরে লুকানো এক নতুন ক্ষেপণাস্ত্র কারখানা দুনিয়াকে দেখাল ইরানের রেভল্যুশনারি গার্ড। সঙ্গে এল কড়া হুঁশিয়ারি। আবার হামলা হলে জবাব শুধু মধ্যপ্রাচ্যে থেমে থাকবে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) রেভল্যুশনারি গার্ড জানায়, তারা একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, স্থাপনার বিভিন্ন অংশ ঘুরে দেখছেন সশস্ত্র বাহিনীর প্রধান আলী আবদোল্লাহি ও গার্ডের এয়ারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি। ভিডিওতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রের পাশে তাঁদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভেতরে সাজিয়ে রাখা ছিল ক্ষেপণাস্ত্র ও সামরিক যানও।
স্থাপনাটি ঠিক কোথায়, তা জানানো হয়নি। পরিদর্শন কবে হয়েছে, সে কথাও বলেনি কর্তৃপক্ষ।
সফরের সময় আবদোল্লাহি স্পষ্ট ভাষায় সতর্ক করেন। তিনি বলেন, ‘শত্রু যদি আবার আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, আমাদের জবাব অঞ্চলের গণ্ডি ছাড়িয়ে যাবে।’
শনিবারই গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বি ঘোষণা দিয়েছিলেন, নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করা হবে। তাঁর ভাষ্য, আকাশ হামলা থেকে বাঁচাতে এবং যুদ্ধের সময়ও উৎপাদন চালু রাখতে ক্ষেপণাস্ত্র তৈরির কিছু কাজ মাটির নিচে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে লড়াই তীব্র হলে এখনো প্রকাশ না করা অস্ত্রও মাঠে নামতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এই ঘোষণা এল এমন সময়ে, যখন ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের কথা ভাবছে। চলতি মাসের শুরুতে কেশম দ্বীপে মার্কিন হামলা হয়েছিল।
মাটির নিচে ক্ষেপণাস্ত্রের ঘাঁটি গড়ে তোলার কাজ ইরান করছে বহু বছর ধরে। এগুলোকে তারা বলে ‘ক্ষেপণাস্ত্র নগর’। উদ্দেশ্য, আকাশ থেকে হামলায় অস্ত্রভান্ডার রক্ষা করা। গত বছরের যুদ্ধে ইসরায়েল এসব স্থাপনাকে নিশানা করেছিল। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র, মজুতাগার ও সংশ্লিষ্ট অবকাঠামোয় হামলা চালিয়ে ইরানের পাল্টা আঘাতের সক্ষমতা দুর্বল করাই ছিল লক্ষ্য।
ফেব্রুয়ারিতে রয়টার্সের পর্যালোচনা করা উপগ্রহচিত্রে দেখা যায়, ওই যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটি মেরামত করছে ইরান। একই সঙ্গে সংবেদনশীল সামরিক ও পারমাণবিক স্থাপনা আরও মজবুত বা আড়াল করার কাজও চলছিল।
এখন নজর ওয়াশিংটনের দিকে। তারা কি নতুন হামলার পথে হাঁটবে, নাকি চাপ দিয়েই আলোচনার পথ খোলা রাখবে?
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল