মধ্যপ্রাচ্যের বাইরেও হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান: আইআরজিসি কমান্ডার

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলেও যেকোনো হুমকি মোকাবিলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মাজিদ মুসাভি।

মঙ্গলবার (১১ নভেম্বর) ইরানের নতুন একটি ‘মিসাইল সিটি’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আবদোল্লাহিও উপস্থিত ছিলেন।

মুসাভি বলেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বর্তমানে গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য সক্ষমতা নিয়ে আঞ্চলিক এবং আঞ্চলিক সীমার বাইরের যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

ইরানের অ্যারোস্পেস ফোর্সের সাবেক কমান্ডারদের কাছ থেকে পাওয়া সামরিক সক্ষমতা এখন দেশটির জনগণকে সুরক্ষা দেওয়া এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনা বাস্তবায়নে শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

মুসাভি বলেন, জনগণের শক্তির ওপর নির্ভর করে ইরান শত্রুদের বিরুদ্ধে দৃঢ়তা ও অধ্যবসায় বজায় রাখবে এবং তাদের যেকোনো ভুল পদক্ষেপ থেকে বিরত রাখবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে ইরান অঞ্চল ও এর বাইরেও শত্রুর সব সক্ষমতাকে লক্ষ্যবস্তু করবে এবং তাদের পরাজয় ছাড়া আর কিছুই অবশিষ্ট রাখবে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এসব বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে উদ্বোধন করা ক্ষেপণাস্ত্র স্থাপনার অবস্থান, আকার, অস্ত্রের ধরন কিংবা প্রকৃত সামরিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।