রুবিওর বক্তব্যে বেজায় চটেছেন আরাগচি

ইরান সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরান সম্পর্কে ওয়াশিংটনের কর্মকর্তাদের অমানবিক দৃষ্টিভঙ্গি ও বাস্তবতাবিবর্জিত ধারণার কারণেই যুক্তরাষ্ট্রের নীতিগুলো ব্যর্থ হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুবিওর বক্তব্যের সঙ্গে আট বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মন্তব্যের তুলনা করেন আরাগচি।

তিনি লেখেন, আট বছর আগে পম্পেওর মতো একজন ‘কার্টুন চরিত্র’ বলেছিলেন, ইরানিরা যদি খেতে চায়, তাহলে তাদের হোয়াইট হাউসের নির্দেশ মেনে চলতে হবে। এখন রুবিও সেই একই ‘বাজে কথার’ পুনরাবৃত্তি করছেন। অথচ রুবিওর নিজ সম্প্রদায়ের কিউবানরাও একই ধরনের নীতির শিকার।

আরাগচি আরও বলেন, এ ধরনের নীতি শুধু অমানবিকই নয়, বরং বাস্তবতা সম্পর্কে ভুল ধারণাই যুক্তরাষ্ট্রের নীতিগত ব্যর্থতার অন্যতম কারণ হয়ে উঠছে।

এর আগে মঙ্গলবার প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রুবিও বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক চাপ ‘অসাধারণ মাত্রায় কঠোর’ এবং সময়ের সঙ্গে এর প্রভাব আরও স্পষ্ট হবে।

রুবিওর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আরাগচি যুক্তরাষ্ট্রের বর্তমান নীতির সমালোচনা করেন। তাঁর বক্তব্যে ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপ এবং ওয়াশিংটনের নীতিগত অবস্থান নিয়ে দুই দেশের বিরোধ আবারও সামনে এসেছে।