দেখতে নেতানিয়াহুর মতো! দোকান থেকে পণ্য না কেনার আহ্বান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার বিস্ময়কর মিল। আর এ কারণেই ইরানের রাজধানী তেহরানের এক বাদাম ও মিষ্টি বিক্রেতাকে বয়কটের ডাক দিয়েছেন কিছু মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দোকানের ভিডিও ছড়িয়ে পড়ার পর এ ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

হাবেরলারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দোকানির চেহারা, চুলের ধরন ও মুখের অভিব্যক্তির সঙ্গে নেতানিয়াহুর মিল খুঁজে পেয়েছেন অনেকে। দোকানে বসে থাকা ওই ব্যক্তির ভিডিও ছড়িয়ে পড়ার পর কেউ কেউ তাঁর দোকানের ঠিকানা জানতে চেয়েছেন। আবার অনেকে চেহারার মিল নিয়ে রসিকতা করেছেন।

তেহরানের ওই দোকানে বাদাম, শুকনো ফল ও মিষ্টি বিক্রি করা হয়। দোকানির সঙ্গে নেতানিয়াহুর চেহারার মিলের বিষয়টি সামনে আসার পর কিছু ইরানি তাঁর দোকান থেকে পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, এ কারণে দোকানটির ক্রেতাও কমে গেছে। তবে ক্রেতা কমে যাওয়ার তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একজন সাধারণ ব্যবসায়ীকে ঘিরে এমন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।