গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা, ‘যুদ্ধাপরাধ’ বললো ইসলামিক জিহাদ

গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ। হামলাটিকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে সংগঠনটি বলেছে, এতে আন্তর্জাতিক আইন, মানবিক নীতি ও নৈতিক মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে।

এক বিবৃতিতে ইসলামিক জিহাদ জানায়, নাসের হাসপাতালে হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। সংগঠনটি এ হামলার জন্য তথাকথিত ‘শান্তি পরিষদ’কে সরাসরি দায়ী করে বলেছে, ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘন এবং এর পরিণতির দায় তাদেরও নিতে হবে।

বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনেরও সমালোচনা করা হয়। ইসলামিক জিহাদের অভিযোগ, ইসরায়েলকে রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। সংগঠনটির ভাষ্য, জবাবদিহির বাইরে থাকার সুযোগ ইসরায়েলকে আরও হামলা চালাতে উৎসাহিত করছে।

ইসলামিক জিহাদ মধ্যস্থতাকারীদের প্রতি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা ও হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নাসের হাসপাতাল ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হওয়ার ঘটনা এটিই প্রথম নয়; হাসপাতালটিতে এ নিয়ে সপ্তমবারের মতো হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।