জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি বিশ্লেষণ করে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

জব্দ করা মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রযুক্তি বিশ্লেষণ করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা এবং অস্ত্রব্যবস্থা উন্নত করছে ইরান। তবে এসব সরঞ্জামের হুবহু অনুকরণ নয়, বরং সেগুলোর প্রযুক্তি ও কাঠামো থেকে ধারণা নিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন অস্ত্র তৈরির চেষ্টা করছে দেশটি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এ কথা জানিয়েছেন।

ইরানের বার্তা সংস্থা মেহর নিউজের বরাতে জানা গেছে, রাশিয়ার নভোস্তি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বালালি বলেন, জব্দ করা মার্কিন সামরিক সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেগুলোর কাঠামো ও ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কে ধারণা নিচ্ছেন ইরানি বিশেষজ্ঞরা।

তিনি বলেন, এর উদ্দেশ্য কেবল মার্কিন অস্ত্রের নকশা বা মডেল নকল করা নয়। বরং এসব সরঞ্জামে ব্যবহৃত প্রযুক্তি ও কাঠামোগত বৈশিষ্ট্য কাজে লাগিয়ে নতুন ধারণা এবং অস্ত্রের নকশা তৈরি করা।

বালালির ভাষ্য, ইরানি বিশেষজ্ঞরা দেশের নিজস্ব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন অস্ত্র ও সামরিক প্রযুক্তি উদ্ভাবনে এসব সরঞ্জাম বিশ্লেষণ করছেন।