আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভারতের উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রদূত মোহাম্মদ ফাত্তালি বলেছেন, এ ক্ষেত্রে ভারত গঠনমূলক ও কার্যকর ভূমিকা রাখতে পারে।
ভারতের সংবাদমাধ্যম সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফাত্তালি বলেন, বৈশ্বিক অঙ্গনে ভারতের যথেষ্ট অবস্থান ও প্রভাব রয়েছে। একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি হিসেবে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় দেশটি কার্যকর অবদান রাখতে পারে।
তিনি বলেন, তেহরান আশা করে, প্রভাবশালী দেশগুলো সংলাপের পরিবেশ তৈরি, রাষ্ট্রগুলোর অধিকার রক্ষা এবং উত্তেজনা বাড়ায়—এমন কর্মকাণ্ড মোকাবিলায় নিজেদের রাজনৈতিক ও কূটনৈতিক সক্ষমতা আরও সক্রিয়ভাবে কাজে লাগাবে।
ইরান ও ভারতের দীর্ঘদিনের ঐতিহাসিক, সভ্যতাগত ও সাংস্কৃতিক সম্পর্কের কথাও তুলে ধরেন ফাত্তালি। দুই দেশের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ইতিবাচক মূল্যায়ন করে তিনি বলেন, নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক বিনিময় সহযোগিতা সম্প্রসারণে উভয় দেশের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন।
রাষ্ট্রদূত আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইরান ও ভারতের সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে অনেক সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।