যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলেও বিশ্বাস করে না ইরান

যুক্তরাষ্ট্র গত ১৮ মাসে অন্তত তিনবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তাঁর ভাষ্য, কূটনৈতিক আলোচনার টেবিলে ওয়াশিংটনকে বিশ্বাস করার সুযোগ নেই। যেকোনো চুক্তির জন্য ইরানের সব শর্ত পূরণ করতে হবে। 

সোমবার (১৬ নভেম্বর) তেহরানে দেওয়া বক্তব্যে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী গারিবাবাদি বলেন, গত দেড় বছরে যুক্তরাষ্ট্র অন্তত তিনবার নিজের অঙ্গীকার থেকে সরে এসেছে। এ কারণে কূটনৈতিক আলোচনায় দেশটির ওপর আস্থা রাখা যায় না।

তিনি বলেন, যেকোনো চুক্তিতে ইরানের গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটিও বাদ দেওয়া যাবে না। এসব শর্তের মধ্যে রয়েছে—সব রণাঙ্গনে যুদ্ধের স্থায়ী অবসান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা এবং তেল খাতসহ নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

গারিবাবাদি অভিযোগ করেন, আগের সমঝোতা থেকে সরে এসে সেটি পুরোপুরি বাতিল করার পর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞার বিষয়ও নিষ্পত্তি করতে হবে। এগুলোকে নতুন চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে রেখে ভবিষ্যতে আবার আলোচনার শর্ত বানানো যাবে না।

আগের সমঝোতার পর যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নতুন সামরিক সরঞ্জাম ও সেনা মোতায়েন করেছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এসব পদক্ষেপের বিষয়েও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়নে বেশি সময় লাগার কথা নয়। মধ্যস্থতাকারীদের সঙ্গে প্রায় দুই মাসের আলোচনায়, বিশেষ করে কাতার ও পাকিস্তানের প্রচেষ্টায়, ইরানের প্রাথমিক সাত দিনের পরিকল্পনা কমিয়ে দুই দিনে আনা হয়েছে। তাঁর দাবি, দুই দিনের মধ্যেই এসব পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব। এর ফলে হরমুজ প্রণালিও পুনরায় খুলে দেওয়া যেতে পারে। পরিকল্পনাটি এখন আলোচনার টেবিলে রয়েছে।

তবে চূড়ান্ত চুক্তির খসড়া তৈরির ক্ষেত্রে দুই পক্ষ এখনো কিছুটা দূরে রয়েছে বলে জানান গারিবাবাদি। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্র কয়েকটি পদক্ষেপ বাস্তবায়ন পিছিয়ে দিতে চাইছে।

ইরানের সামনে কূটনৈতিক পথ এবং অব্যাহত সামরিক হুমকি ও যুদ্ধ পরিস্থিতি—এই দুই বাস্তবতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এভাবে বর্ণনা করার বিরোধিতা করেন গারিবাবাদি। তাঁর মতে, আইনি দৃষ্টিকোণ থেকে ইরান এখনো যুদ্ধাবস্থায় রয়েছে। কারণ, ইরানের স্বার্থের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়রানিমূলক কর্মকাণ্ড ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে।