গাজা যুদ্ধে ইসরায়েলের স্বার্থ নয়, নিজের স্বার্থ দেখেন নেতানিয়াহু: বাইডেন

গাজা যুদ্ধের সময় ইসরায়েলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখাকে বেশি গুরুত্ব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

নিজের নতুন স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’তে (Promise Me, America) নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন বাইডেন। বইটিতে গাজা যুদ্ধের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন এবং যুদ্ধ পরিচালনা নিয়ে মতবিরোধের কথা তুলে ধরেছেন তিনি।

বাইডেনের ভাষ্য অনুযায়ী, গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে ইসরায়েলকে বারবার সতর্ক করেছিলেন তিনি। নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত আলোচনাতেও এ উদ্বেগের কথা জানিয়েছিলেন। কিন্তু নেতানিয়াহু ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও ইসরায়েলি সামরিক অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানি অব্যাহত ছিল বলে অভিযোগ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন লিখেছেন, নেতানিয়াহুর সঙ্গে তাঁর সরাসরি কথা বলার সুযোগ থাকলেও তাঁদের মধ্যে তেমন বিশ্বাস ছিল না। নেতানিয়াহুর আচরণে তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু প্রবণতা দেখতে পেতেন বলেও উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, নেতানিয়াহু সত্যকে নিজের সুবিধামতো উপস্থাপন করতেন এবং ব্যক্তিগত প্রয়োজন মেটাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করতেও দ্বিধা করতেন না।

স্মৃতিকথায় বাইডেন আরও লিখেছেন, নেতানিয়াহু প্রচণ্ড রাজনৈতিক চাপের মধ্যে ছিলেন—এ বিষয়টি তিনি বুঝতেন। তবে ইসরায়েলের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় রাষ্ট্রনায়কসুলভ ভূমিকা পালনের পরিবর্তে নেতানিয়াহু নিজের স্বল্পমেয়াদি রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ায় তিনি হতাশ হয়েছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন বাইডেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের স্বার্থ ও মিত্রদের পাশে দাঁড়ানো একজন প্রেসিডেন্টের দায়িত্ব।

তবে গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষের প্রাণহানি ও দুর্ভোগের বিষয়টিও স্মৃতিকথায় তুলে ধরেছেন তিনি। বাইডেন লিখেছেন, অনেক নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের সঙ্গে হামাসের কোনো সংশ্লিষ্টতা ছিল না। গাজায় দীর্ঘ সময় পর্যাপ্ত খাদ্য, পানি, ওষুধ ও জ্বালানি প্রবেশ করতে না পারার ঘটনাকেও তিনি দুঃখজনক বলে উল্লেখ করেছেন।

বাইডেনের এসব বক্তব্য তাঁর প্রশাসনের ইসরায়েল-নীতির একটি আত্মপক্ষসমর্থনও। একদিকে তিনি ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলকে সমর্থনের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন, অন্যদিকে গাজায় সামরিক অভিযান পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকার সমালোচনা করেছেন।

এদিকে বাইডেনের স্মৃতিকথায় উত্থাপিত অভিযোগের বিষয়ে নেতানিয়াহুর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইসরায়েল বরাবরই দাবি করে আসছে, তারা বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর চেষ্টা করে এবং হামাস বেসামরিক স্থাপনা ব্যবহার করে সামরিক কার্যক্রম পরিচালনা করে।