জম্মু-কাশ্মীরের কুলগামে মসজিদের ভেতরে লুকিয়ে থাকা লস্কর-ই-তাইয়েবার ২২ বছর বয়সী সদস্য লতিফ ভাটকে বুধবার হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। তাকে আত্মসমর্পণে রাজি করাতে অভিযানের আগে ভিডিও কল করেছিলেন নিরাপত্তা কর্মকর্তারা। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেন তিনি।
এর আগের সপ্তাহেও নিরাপত্তা বাহিনীর হাতে আটকা পড়েছিলেন লতিফ। সে সময় কর্মকর্তারা জানিয়েছিলেন, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। প্রায় এক সপ্তাহ পর বুধবার কুলগামের একটি মসজিদে লুকিয়ে থাকা অবস্থায় তিনি নিহত হন।
নিহত হওয়ার আগে ভিডিও কলে এক কর্মকর্তা তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানান। জবাবে লতিফ বলেন, ‘আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। আমি খুব খুশি। মহান আল্লাহ আমার সঙ্গে আছেন।’
গত ১১ নভেম্বর কুলগামের মীরবাজারের কাছে আখরান গ্রামে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে হামলার ঘটনায় জড়িত ছিলেন লতিফ।
ভিডিও কলে ওই কর্মকর্তা তাঁকে বলেন, ‘আমরা আপনার সঙ্গেই আছি।’ এরপর আবারও আত্মসমর্পণের আহ্বান জানান তিনি।
তবে জম্মু-কাশ্মীরে সক্রিয় স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে পরিচিত ২২ বছর বয়সী লতিফ নিজের অবস্থানে অনড় থাকেন। শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে তাঁর মৃত্যু হয়।