যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সৌদি আরব

সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে। মঙ্গলবার ছয়টি ট্রাকে করে ২ হাজার ১৬০টি খাদ্য ঝুড়ি এডেনের খোরমাকসার জেলায় পৌঁছেছে। এসব সহায়তা সংকটাপন্ন ও অসহায় পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।

এডেনের গুদামে খাদ্যসামগ্রী নামানোর পর পরীক্ষা ও নথিভুক্তকরণ সম্পন্ন করা হয়েছে। এরপর উপকারভোগীদের মধ্যে বিতরণের প্রস্তুতি নেওয়া হয়। ইয়েমেনে খাদ্যসংকট মোকাবিলা ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর দুর্ভোগ কমাতে সৌদি আরবের চলমান মানবিক কার্যক্রমের অংশ এই সহায়তা।

এর আগে সোমবার লাহজ প্রদেশের তুবান জেলায় ৭০টি তাঁবু ও ৭০টি আশ্রয় সহায়তা প্যাক বিতরণ করে সংস্থাটি। জরুরি আশ্রয় প্রকল্পের ষষ্ঠ পর্যায়ের এই কার্যক্রমে উপকৃত হয়েছেন ৪২০ জন বাস্তুচ্যুত মানুষ।

এ ছাড়া এডেনের সাতটি জেলায় ৪ হাজার ৩০৯টি খাদ্য ঝুড়ি বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে বাস্তুচ্যুত পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর ২৮ হাজার ৭৯৬ জন সহায়তা পেয়েছেন।

গত সপ্তাহে মারিব ও এডেনে আরও ১ হাজার ৪২১টি খাদ্য ঝুড়ি বিতরণের পাশাপাশি লাহজে বাস্তুচ্যুত মানুষের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা হয়। লাহজে ১১টি বিতরণকেন্দ্রের মাধ্যমে ২৪০ পরিবারের ১ হাজার ৯১৯ জনকে পানি সরবরাহ করা হয়েছে।

গত অক্টোবর মাসে কেএসরিলিফ ইয়েমেনে নতুন মানবিক প্রকল্প ঘোষণা করে, যার আওতায় ৩৪ লাখের বেশি মানুষ খাদ্য, স্বাস্থ্যসেবা, আশ্রয় ও বিশুদ্ধ পানির সহায়তা পাওয়ার কথা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে পশ্চিম ইয়েমেনে সংঘাত বাড়ার পর ২ লাখ ৮৭ হাজার ৭৬৭ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দীর্ঘদিনের সংঘাতে দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতা, বাস্তুচ্যুতি ও জরুরি সেবার সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

সূত্র: আরব নিউজ