ইসরায়েলি হামলা, ক্ষুধা, বাস্তুচ্যুতি এবং চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গাজায় হাজার হাজার শিশু দুর্বিষহ জীবন কাটাচ্ছে। বিশ্ব শিশু দিবস এবং ১৯৮৯ সালে শিশু অধিকার সনদ গৃহীত হওয়ার বার্ষিকী পালনের মধ্যেও তাদের এই দুর্দশা অব্যাহত রয়েছে।
‘শিশুদের কথা শুনুন: আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যে ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালিত হচ্ছে। অথচ গাজার শিশুরা জীবন, খাদ্য, চিকিৎসা, নিরাপত্তা ও শিক্ষার অধিকারসহ তাদের সবচেয়ে মৌলিক মানবাধিকারগুলো থেকেও বঞ্চিত। নিরাপদ ভবিষ্যতের কোনো স্পষ্ট নিশ্চয়তাও তাদের সামনে নেই।
ফিলিস্তিনি শিশুদের কাছে শৈশব এখন আর খেলাধুলা ও আনন্দের সময় নয়। ড্রোন, যুদ্ধবিমান ও বিস্ফোরণের শব্দ এবং হামলার আতঙ্কেই কাটছে তাদের দিন-রাত। রাত কাটে বোমাবর্ষণের ভয়ে; আর দিনের বেলায় তাদের ছুটতে হয় পানি, খাবার, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে।
গাজায় হামলা, ক্ষুধা ও বাস্তুচ্যুতির কারণে হাজার হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। অন্যরা শারীরিক ও মানসিক আঘাত নিয়ে বেঁচে থাকার সংগ্রাম করছে এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে কিংবা ক্ষতিগ্রস্ত তাঁবুতে আটকে থাকা শিশুদের দুর্দশা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং তাদের সুরক্ষায় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের ২০২৬ সালের ৩০ জুনের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ২১ হাজার ৭০০ শিশু নিহত এবং ৪৫ হাজারের বেশি আহত হয়েছে। আহত শিশুদের মধ্যে অন্তত ১১ হাজারের গুরুতর জখম হয়েছে, অঙ্গহানি ঘটেছে কিংবা স্থায়ী শারীরিক প্রতিবন্ধিতা তৈরি হয়েছে। এসব ক্ষতি তাদের জীবন ও ভবিষ্যৎকে চিরতরে প্রভাবিত করবে।
গাজার শিশুদের দুর্ভোগ শুধু মৃত্যু ও আহত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। অন্তত ৮ লাখ শিশু বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। তাদের দিন কাটছে জীর্ণ তাঁবুতে, অতিরিক্ত জনাকীর্ণ এলাকায় কিংবা ধ্বংসস্তূপের মধ্যে।
জাতিসংঘের ২০২৬ সালের এক প্রতিবেদনে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে হাজার হাজার গুরুতর অধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত ও যাচাই করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে শিশু হত্যা ও আহত করা, স্কুল ও হাসপাতালে হামলা এবং মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা।
গাজায় শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষুধা ও অপুষ্টিও বড় হুমকি হয়ে উঠেছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে পাঁচ বছরের কম বয়সী ১৯ হাজারের বেশি শিশুকে তীব্র অপুষ্টির চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজারের বেশি শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছিল।
জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে প্রায় ৬ লাখ ৩৭ হাজার ৫০০ শিশু সরাসরি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে শিক্ষা নেওয়ার সুযোগ হারিয়েছে।
ইউনিসেফ আরও জানিয়েছে, পরামর্শসেবা নেওয়া শিশুদের প্রায় ৯০ শতাংশেরই মানসিক ও সামাজিক সহায়তার প্রয়োজন ছিল। শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি এসব শিশু প্রতিনিয়ত ভয়, স্বজন হারানোর বেদনা এবং যুদ্ধের কারণে সৃষ্ট মানসিক আঘাতের সঙ্গে লড়াই করছে।
শিশু অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে শিশুদের অধিকার লঙ্ঘনের প্রায় ১২ হাজার ৫০০টি ঘটনা নথিভুক্ত করেছে। সংস্থাটি জানিয়েছে, বিশ্বে প্রায় প্রতি চারটি শিশুর একজন সংঘাতপ্রবণ এলাকায় বসবাস করে। গাজার শিশুদের পরিস্থিতির দিকে জরুরি আন্তর্জাতিক মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করেছেন, গাজায় শিশুদের ওপর ক্ষতিকর পরিস্থিতি অব্যাহত রয়েছে এবং শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশা আরও বাড়তে পারে।
এদিকে গাজার ২০ হাজার ৮০০ রোগী বিশেষায়িত চিকিৎসার জন্য বিদেশে স্থানান্তরের অপেক্ষায় রয়েছে। তাদের মধ্যে ৫ হাজার ২০০-এর বেশি শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদেশে যাওয়ার অনুমতি ও চিকিৎসার অপেক্ষায় থাকা অবস্থায় ৩০০ শিশু মারা গেছে।
আন্তর্জাতিক আইন শিশুদের অধিকার ও সুরক্ষার নিশ্চয়তা দিলেও গাজায় হামলা অব্যাহত থাকা এবং আন্তর্জাতিক উদ্যোগের অকার্যকারিতা বাস্তব পদক্ষেপের জরুরি প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।
এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জনমত সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ওপর চাপ তৈরিতে ভূমিকা রাখতে পারে। সচেতনতা বৃদ্ধি, জবাবদিহি নিশ্চিত করার দাবি এবং হত্যাযজ্ঞ বন্ধের আহ্বানের মধ্য দিয়ে গাজার শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে বাধ্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।