মিনাব স্কুল হামলা তদন্তে ইউনিসেফের প্রতি ইরানের আহ্বান

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় শিশু নিহত ও আহত হওয়ার ঘটনায় নিন্দা জানাতে ইউনিসেফের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির শিশু ও তরুণদের বুদ্ধিবৃত্তিক বিকাশবিষয়ক প্রতিষ্ঠান। একই সঙ্গে এসব হামলায় শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত, দায়ীদের শনাক্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তদন্তের ফল জানাতে জাতিসংঘের সংস্থাটির প্রতি দাবি জানানো হয়েছে।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলকে পাঠানো চিঠিতে প্রতিষ্ঠানটির পরিচালক হামেদ আলামাতি শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত এবং যুদ্ধের শিকার শিশুদের মানসিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

চিঠিতে ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব হামলার ভয়াবহতা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা জরুরি। ইরান যুদ্ধ শুরু করেনি বলেও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, যুদ্ধের শুরুর দিকেই দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়।

ওই হামলায় মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র বিদ্যালয়টিতে আঘাত হানে। এতে ১৬৮ জন নিহত হন, যাদের অধিকাংশই ৭ থেকে ১২ বছর বয়সী ছাত্রী। চিঠিতে আলামাতি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন উপেক্ষা করে বেসামরিক মানুষের ওপর হামলা শিশুদের জীবন ও শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে। অথচ জাতিসংঘের শিশু অধিকার সনদে এই দুই অধিকার স্বীকৃত।

মিনাবের স্কুলে হামলার ঘটনাকে নির্বিচার আক্রমণের সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করার কথা উল্লেখ করেন আলামাতি। তিনি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হামলার তথ্য যাচাই, দায়ীদের চিহ্নিত করা এবং শিশুদের ওপর হামলার ঘটনায় ইউনিসেফের প্রকাশ্য নিন্দা দাবি করেন।

চিঠিতে যুদ্ধের শুরুর দিকে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির মৃত্যুর কথাও তুলে ধরা হয়। একই দিনে তাঁর দাদার সঙ্গে শিশুটিও নিহত হয় বলে উল্লেখ করা হয়েছে।

আলামাতি জানান, শিশুটিকে উপহার দেওয়া একটি পবিত্র কোরআনের ভেতরে খামেনি হাতে লেখা একটি দোয়া রেখে দিয়েছিলেন। সেখানে লেখা ছিল, ‘তার জীবন দীর্ঘ হোক, সুখ চিরস্থায়ী হোক।’ চিঠিতে এই দোয়ার কথা উল্লেখ করে মিনাবের স্কুলে সন্তানদের পাঠানো অভিভাবকদের প্রত্যাশার সঙ্গে মিল তুলে ধরা হয়। প্রতিটি শিশুরই পড়াশোনা শেষ করে নিরাপদে বাড়ি ফেরার অধিকার রয়েছে বলে তিনি জোর দেন।

আলামাতি ইউনিসেফের ৩১ জুলাই প্রকাশিত একটি আঞ্চলিক বিবৃতির তথ্য তুলে ধরে জানান, পাঁচ মাসে ইরানে ৩৮৬ শিশু নিহত এবং আরও ২ হাজার ১১৭ শিশু আহত হয়েছে। শিশুদের দুর্ভোগ নথিভুক্ত করার জন্য ইউনিসেফের কর্মীদের ধন্যবাদও জানান তিনি।

আন্তর্জাতিক লেখক, শিল্পী, অনুবাদক, প্রকাশক ও শিক্ষাবিদদের ইরানের শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আলামাতি। প্রকাশ্য বিবৃতি, অনুবাদ ও শিল্পকর্মের মাধ্যমে শিশুদের অভিজ্ঞতা তুলে ধরার অনুরোধ করেন তিনি। তবে শিশুদের বক্তব্য প্রকাশের ক্ষেত্রে তাদের সম্মতি এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ওপরও গুরুত্ব দেন।

চিঠির শেষাংশে ইউনিসেফের কাছে লিখিত জবাব চেয়েছেন আলামাতি। শিশুদের মানসিক সহায়তা কর্মসূচি, হামলার ঘটনা তদন্তে সংস্থাটির পদক্ষেপ এবং বিষয়টি দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পরিচয় জানতে চান তিনি। তাঁর মতে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জানার অধিকার রয়েছে-য়বিচার নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি ঠেকাতে কী উদ্যোগ নেওয়া হবে।

সূত্র: প্রেস টিভি