হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোন ভূপাতিত করলো আইআরজিসি

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। অন্যদিকে, যুদ্ধের অবসান নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজও হামলার ঝুঁকিতে পড়েছে। কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি পাল্টাপাল্টি হামলায় জড়ায়। উল্লেখ্য, স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে যেকোনো ধরনের অস্থিরতা বিশ্ব জ্বালানিবাজারে বড় প্রভাব ফেলতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে সংঘাতের ভয়াবহতা ক্রমেই বেড়েছে। এতে হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যাহত হয়েছে। বেড়েছে জ্বালানির দাম, আর সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে।
 

এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়নে অগ্রগতি হয়নি। বিশেষ করে হরমুজ প্রণালিতে অবাধ নৌযান চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়ে গেছে। এর মধ্যেই জুলাই থেকে বিভিন্ন সময়ে নতুন করে হামলার ঘটনা ঘটছে।

এদিকে ইরানে সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্রের ড্রোন বহরেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। গত আগস্টে দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, অভিযানে যুক্তরাষ্ট্রের ৪৫টি এমকিউ-৯ ড্রোন ধ্বংস হয়েছে। দেশটির মোট ড্রোন বহরের প্রায় ২৫ শতাংশ এসব ড্রোনের আনুমানিক মূল্য ১৩০ কোটি ডলারের বেশি।

 সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক অচলাবস্থাও কাটছে না। শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে ইরানের অবস্থান ব্যাখ্যা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি প্রস্তাব পাঠিয়েছিল তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌযান চলাচল পুনরায় চালু করতে হলে ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে যুদ্ধের অবসান, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া।

এসব শর্ত বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে ইরান নমনীয়তা দেখাতে পারে। তবে আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরির মতো কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 পারমাণবিক কর্মসূচি নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন আরাগচি। ইরানের কাছে থাকা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য দেশে পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। তবে বিষয়টি নিয়ে ন্যায়সংগত সমাধানে পৌঁছানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন। মধ্যস্থতাকারীদের দেওয়া কয়েকটি প্রস্তাবও বিবেচনা করা যেতে পারে বলে জানান তিনি।

বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ হিসেবে উল্লেখ করে আরাগচি বলেন, এমন অনিশ্চিত অবস্থা ইরানের কাম্য নয়। তবে এমন কোনো চুক্তি তেহরান গ্রহণ করবে না, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো প্রতিপক্ষ নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরতে পারে।

অন্যদিকে, শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। কিন্তু তেহরানের প্রস্তাবিত শর্তগুলো তাঁর কাছে গ্রহণযোগ্য নয়।
 ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্র এমন একটি কার্যকর চুক্তি চায়, যা আগের কয়েক দশকের কথিত ব্যর্থ সমঝোতাগুলোর মতো হবে না। তবে এর আগে গত সপ্তাহেই তিনি বলেছিলেন, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই।

একই সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে প্রশ্ন করা হয়, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তিনি সামরিক হামলার পক্ষে থাকতেন কি না। এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। তবে ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের ছিল উল্লেখ করে ভ্যান্স বলেন, প্রেসিডেন্টকে সমর্থন করাই তাঁর দায়িত্ব।  


কূটনৈতিক ও সামরিক চাপের পাশাপাশি ইরানের আর্থিক ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় ইরানের চার নাগরিকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে। ওয়াশিংটনের অভিযোগ, তাঁরা আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির অর্থ সংগ্রহ, স্থানান্তর ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলেন। একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা এবং নৌ-অবরোধ এড়িয়ে তেহরানকে আর্থিক সুবিধা পেতে সহায়তা করেছেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা ইরানের তেল বিক্রির অর্থ তদারকি করতেন। তাঁদের কেউ কেউ ওই অর্থের একটি অংশ ব্যক্তিগত স্বার্থেও ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সাবেক আইআরজিসি গোয়েন্দা কর্মকর্তা হিসেবে পরিচিত মোহাম্মদ জাভাদ বাভান্দ এবং ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজের ভাই মাজিদ তাজ।

 এ ছাড়া আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন সারভাতির ছেলে মোহাম্মদ হোসেইন সারভাতিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, তিনি চীনের কয়েকটি বেসরকারি তেল শোধনাগারে ইরানি তেল সরবরাহের জন্য জাহাজের ব্যবস্থা করা এবং তেল গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন মাজান এয়ারের প্রধান নির্বাহী হামিদ আরবনেজাদের ছেলে মোজতবা আরবনেজাদ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি নিষেধাজ্ঞাভুক্ত বিমান সংস্থাটির জন্য উড়োজাহাজের যন্ত্রাংশ সংগ্রহ করেছেন এবং তেল বিক্রির অর্থের মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানটির কার্যক্রমে ভূমিকা রেখেছেন।

নতুন নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের অধীনস্থ সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে তাঁদের সঙ্গে ডলারে লেনদেনের সুযোগ বন্ধ হয়ে যাবে।
 

এমন পরিস্থিতিতে ডেমোক্র্যাটিক পার্টির দুই কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি ও রো খান্না ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সরকারি অর্থ বরাদ্দ বন্ধের দাবি তুলেছেন।

এক ভিডিও বার্তায় তাঁরা সহকর্মী আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য নতুন করে অর্থ বরাদ্দ রাখা হয়েছে—এমন কোনো সরকারি ব্যয় বিল সমর্থন করা উচিত হবে না। তাঁদের মতে, যুদ্ধের পেছনে ক্রমাগত বাড়তে থাকা ব্যয় বন্ধে কংগ্রেসকে কার্যকর ভূমিকা নিতে হবে।

অন্যদিকে, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যয়সংক্রান্ত বিল অনুমোদন করতে হবে। তা না হলে দেশটির সরকারি কার্যক্রমে অচলাবস্থা বা শাটডাউন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে ইরান যুদ্ধের বিরোধিতা করলেও সরকারি কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি করতে চান না ডেমোক্র্যাটদের একটি অংশ। বাজেট বরাদ্দের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ডেমোক্র্যাট নেতা রোজা ডিলাউরো ও প্যাটি মারে জানিয়েছেন, শাটডাউন এড়িয়ে কীভাবে যুদ্ধের অবসান ঘটানো যায়, সে বিষয়ে তাঁরা বিকল্প পথ খুঁজছেন।