মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, ‘ভুয়া’ বলল যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে নিজেদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। তবে এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের ভাষায়, ইরানের এ দাবি ‘মিথ্যা’।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা যায়, শনিবার (২১ নভেম্বর) ইরানের সেনাবাহিনী দাবি করে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে পারস্য উপসাগরের আকাশে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান শনাক্ত করে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছিল।

ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী যুদ্ধবিমানটির গতিবিধি অনুসরণ করার পর সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানের কাছাকাছি বিস্ফোরিত হয় এবং এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

ইরানি সেনাবাহিনীর ভাষ্য, এ ঘটনার পর পাইলট অভিযান বাতিল করতে বাধ্য হন এবং ওই অঞ্চলের কাছাকাছি একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেন। তবে কোন বিমানঘাঁটিতে বিমানটি অবতরণ করেছে, তা জানায়নি তেহরান।

ইরানের এ দাবির পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে তা নাকচ করে দেয়।

সেন্টকম জানায়, ‘দাবি: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, গতকাল তারা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে ক্ষতিগ্রস্ত করেছে এবং সেটিকে জরুরি অবতরণে বাধ্য করেছে। এটি মিথ্যা। সত্য হলো, গতকাল ইরান যুক্তরাষ্ট্রের কোনো এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান নিরাপদে রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষ অবগত।’

এদিকে, হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন প্রতিহত ও আঘাত করার দাবি করেছে আইআরজিসি। এ নিয়ে মার্কিন ড্রোন ধ্বংসের সংখ্যা ৫৮-তে পৌঁছেছে বলে দাবি করেছে বাহিনীটি।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, তাদের মহাকাশ বাহিনী নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে চালকবিহীন উড়োজাহাজটি শনাক্ত, অনুসরণ ও লক্ষ্যবস্তুতে পরিণত করে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশপথে নজরদারির সময় ড্রোনটিকে লক্ষ্য করা হয় বলে জানায় তারা।

এর মধ্যেই আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বাহিনীর মহাকাশ শাখা পরিচালিত একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী পরিদর্শন করেছেন।