ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছিল কি-না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। সামরিক ক্ষেত্রে এআই ব্যবহারে মানুষের আরও কঠোর তদারকির আহ্বান জানিয়েছেন তিনি।
গিলিব্র্যান্ড বলেন, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে এআই সহায়ক হতে পারে। তবে লক্ষ্যবস্তু শনাক্তকরণে ভুল হলে বেসামরিক মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি হয়। তাই এআই-নির্ভর অস্ত্রব্যবস্থার সক্ষমতা এবং সেগুলোর ওপর মানুষের নিয়ন্ত্রণ ও তদারকি কতটা কার্যকর—তা যুক্তরাষ্ট্রের সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটিগুলোর খতিয়ে দেখা উচিত।
তিনি বলেন, ‘শুধু দ্রুত কাজ সারার জন্য বিদেশের কোনো দেশে একটি মেয়েদের স্কুলে বোমা হামলা হোক—আমি তা চাই না। কারণ, এআই হয়তো বুঝতে পারেনি যে সেটি সামরিক লক্ষ্যবস্তু নয়। সেখানে মানুষের সরাসরি নজরদারি ছিল না, কিংবা এআই যে তথ্য বিশ্লেষণ করেছে, তা হয়তো ১০ বছর আগের।’
গিলিব্র্যান্ড আরও বলেন, ইরান যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণে এআই ব্যবহার করা হয়েছিল—এমন বিশ্বাস করার মতো কোনো কারণ আপাতত তাঁদের কাছে নেই। তবে বিষয়টি তিনি নিশ্চিতভাবে জানতে চান।
তাঁর ভাষায়, ‘মানুষ হত্যার প্রশ্ন যখন আসে, তখন এআইয়ের কোনো কল্পিত বা ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া চলতে পারে না।’
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার শুরুর দিকে দেশটির দক্ষিণাঞ্চলের একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১৭০ জনের বেশি মানুষ নিহত হন, যাঁদের অধিকাংশই ছিল স্কুলছাত্রী।
হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই এ ঘটনার দায় এড়িয়ে চলার চেষ্টা করেছে। তবে হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার পক্ষে প্রমাণ ক্রমেই জোরালো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।