যেখান থেকে হুমকি আসবে, সেখানেই জবাব দেবে ইরান: সংসদ সদস্য

যে স্থান থেকেই ইরানের জন্য হুমকি তৈরি হোক না কেন, সেই উৎসেই তা মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি। রোববার (২২ নভেম্বর) তিনি সৌদি আরব, ইরাক, বাহরাইন ও ইসরায়েলের মতো সম্ভাব্য অবস্থানের কথা উল্লেখ করেন।

রেজায়ি বলেন, সৌদি আরবের কোনো বিমানবন্দরে মোতায়েন করা আকাশে সতর্কতা ও নিয়ন্ত্রণব্যবস্থার (এডব্লিউএসিএস) কোনো উড়োজাহাজ ইরানের জন্য হুমকি সৃষ্টি করলে তেহরান তার জবাব দেবে। ইসরায়েলসহ অন্য যেকোনো স্থানের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘ইরাকের কুর্দিস্তান অঞ্চলের গভীরে কোনো গোষ্ঠী ইসলামি প্রজাতন্ত্রের জন্য হুমকি তৈরির পরিকল্পনা করুক কিংবা বাহরাইনের মানামার কোনো হোটেলে মার্কিন সেনা অবস্থান করুক তাতে কিছু যায় আসে না। আমাদের দেশের জন্য যেখান থেকেই হুমকি আসুক, আমরা সেখানেই তা মোকাবিলা করব।’