ইরানের পরমাণু নীতিতে কি পরিবর্তন আসতে পারে?

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির দীর্ঘদিনের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ভবিষ্যতে কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর সাম্প্রতিক বক্তব্যের পর ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার নীতি থেকে সরে আসতে পারে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে। সেই প্রয়োজন যেভাবেই নির্ধারিত হোক না কেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানের রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা এবং ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রেক্ষাপটে দেশটির পরমাণু নীতি পুনর্বিবেচনার আলোচনা আরও গুরুত্ব পেয়েছে।

ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা ও কৃষি খাতে উন্নয়নই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে দাবি তেহরানের।

দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু অস্ত্র তৈরি ও ব্যবহারের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া দিয়েছিলেন। এতদিন এই ফতোয়াকে নিজেদের পরমাণু নীতির অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরেছে ইরান।

পাশাপাশি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারও দাবি করে আসছে দেশটি। এ অধিকারকে বরাবরই ‘আলোচনার অযোগ্য’ বলে উল্লেখ করেছে তেহরান।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ২০২৫ সালের জুনে ইসরায়েলের হামলার আগে প্রকাশিত এক হিসাব অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল।

পরমাণু অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা সাধারণত প্রায় ৯০ শতাংশ। অন্যদিকে, প্রচলিত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে সাধারণত প্রায় ৩ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হয়।

সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের ভেতরেই থাকবে এবং জাতীয় প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করা হবে।

পরমাণু নীতি পরিবর্তনের পক্ষে ও বিপক্ষে থাকা ব্যক্তিদের যুক্তি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, বিষয়টি জাতীয় স্বার্থ ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় এ নিয়ে কৌশলগত আলোচনা হওয়া স্বাভাবিক।

আরাগচি জানান, নীতি পরিবর্তনের পক্ষের একটি যুক্তি হলো, পরমাণু অস্ত্র তৈরি না করার বর্তমান অবস্থান ইরানের পরমাণু স্থাপনাগুলোকে হামলা থেকে রক্ষা করতে পারেনি। গত বছর ও চলতি বছর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী এসব স্থাপনায় হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তবে পরমাণু নীতিতে আনুষ্ঠানিক পরিবর্তন আনার পরিণতি সুদূরপ্রসারী হতে পারে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করেন, এখন পর্যন্ত ইরানের আনুষ্ঠানিক পরমাণু নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

ইরানের পরমাণু নীতি নিয়ে শুধু পররাষ্ট্রমন্ত্রীই নন, দেশটির অন্য শীর্ষ কর্মকর্তারাও নতুন করে আলোচনার কথা জানিয়েছেন।

চলতি মাসের শুরুতে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে আগের পরমাণু নীতি বহাল রাখা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে তিনিও জানান, এখন পর্যন্ত নীতিগত কোনো পরিবর্তন আনা হয়নি।


গত ১২ নভেম্বর দেশটির সর্বোচ্চ নেতা নিয়োগের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্টস এক বিবৃতিতে জানায়, জাতীয় প্রতিরক্ষা নীতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় প্রতিরোধক্ষমতা গড়ে তোলা এখন অনিবার্য হয়ে পড়েছে।

এ বিষয়ে জার্মান-ইরানি রাষ্ট্রবিজ্ঞানী ও সেন্টার ফর মিডল ইস্ট অ্যান্ড গ্লোবাল অর্ডারের (সিএমইজি) পরিচালক আলী ফাতোল্লাহ-নেজাদ আলজাজিরাকে বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের এই অবস্থানকে ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন মনোভাবের প্রতি প্রথমবারের মতো সমর্থন হিসেবে দেখা যেতে পারে।


সব মিলিয়ে, ইরানের পরমাণু নীতি নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তবে তেহরান এখনই পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বরং দেশটির সাম্প্রতিক বক্তব্যে জাতীয় নিরাপত্তা ও প্রতিরোধক্ষমতার প্রশ্নে বিদ্যমান নীতি পুনর্বিবেচনার সম্ভাবনাই সামনে এসেছে।

সূত্র: আলজাজিরা