কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে জাহাজ চলাচল কিংবা নৌ-সতর্কবার্তা উপেক্ষা করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সামুদ্রিক চলাচল পরিস্থিতি নিয়ে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার বলেন, ‘হরমুজ প্রণালি অনুমোদনহীন পথ পরীক্ষা করা কিংবা সামুদ্রিক সতর্কবার্তা উপেক্ষা করার জায়গা নয়।’
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বশেষ সামরিক আগ্রাসন শুরুর পর থেকে হরমুজ প্রণালি বন্ধ রেখেছে তেহরান। ইরানের দাবি, এই জলপথ ব্যবহার করে দেশটির ভূখণ্ডে হামলা চালানো হচ্ছিল।
প্রতিবেদন অনুযায়ী, পরবর্তী সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক হয়। এর আওতায় জুনে ৬০ দিনের জন্য প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সম্মতি হয়েছিল। সমঝোতা বাস্তবায়নের জন্য ইরান ‘পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ’ (পিজিএসএ) গঠন করে। তবে যুক্তরাষ্ট্রের চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে তেহরান আবারও প্রণালিটি বন্ধ করে দেয়।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে সব ফ্রন্টে আগ্রাসন বন্ধ, ইরানের বন্দর ও জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা।
প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ
এদিকে হরমুজ প্রণালি ও এর আশপাশে জাহাজে হামলা এবং মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর অক্টোবর ও নভেম্বর মাসে এ ধরনের ঘটনার সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, অক্টোবরে ৩১টি এবং ১৮ নভেম্বর পর্যন্ত নভেম্বরে প্রায় ১৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর আগে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৩টি ঘটনা ঘটেছিল।
আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনও (আইএমও) জানিয়েছে, অক্টোবর ও নভেম্বর মাসে ওই এলাকায় ৩৪টি ঘটনা ঘটেছে। এর বিপরীতে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঘটনার সংখ্যা ছিল প্রায় ৫০টি।
সূত্র: প্রেস টিভি