ইরানের শহর মাশহাদ সফরে গিয়ে দেশটির শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সৈয়দ ইব্রাহিম রাইসি এবং প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) খোরাসান রাজাভি প্রদেশে সফর শুরু করেন পেজেশকিয়ান। এ সময় তিনি পবিত্র ইমাম রেজা (আ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির সমাধিতে দোয়া ও প্রার্থনার মাধ্যমে শ্রদ্ধা জানান।
মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন। ইরানের বিরুদ্ধে ওই হামলার পর ৪০ দিন ধরে সংঘাত চলে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরে পেজেশকিয়ান সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সৈয়দ ইব্রাহিম রাইসি এবং শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির সমাধিতেও যান। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি।
২০২৪ সালের ২০ মে তাবরিজ থেকে তেহরানে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি ও তাঁর সফরসঙ্গীরা নিহত হন। তাবরিজে একটি পানি প্রকল্প উদ্বোধন করতে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রাইসি।
অন্যদিকে, শিয়া মুসলিমদের বিশিষ্ট ধর্মীয় কর্তৃত্বসম্পন্ন আলেম ও ইসলামি আইনজ্ঞ গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন ওয়াহিদ খোরাসানি ২০২৬ সালের ১৭ নভেম্বর মারা যান।
প্রাদেশিক সফরে পেজেশকিয়ানের সরকারি বিভিন্ন প্রকল্প উদ্বোধনেরও কথা রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি