'মার্কিন ঘাঁটি যেখানেই সরানো হোক, ইরানের ক্ষেপণাস্ত্র সে পর্যন্তই যাবে'

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি যেখানেই সরিয়ে নেওয়া হোক না কেন, সেগুলো ইরানের সশস্ত্র বাহিনীর হামলার আওতার মধ্যেই থাকবে। ঘাঁটির অবস্থান পরিবর্তন করে ইরানের সামরিক সক্ষমতা বা হুমকি মোকাবিলার দৃঢ়তা দুর্বল করা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাসিজ সপ্তাহ উপলক্ষে বাসিজ অর্গানাইজেশনের প্রধানের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন জেনারেল আবদোল্লাহি। তিনি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এসব ঘাঁটির উল্লেখযোগ্য অংশ এখনো ব্যবহারের অনুপযোগী।

আবদোল্লাহি বলেন, কিছু ঘাঁটি এখনো আগের কার্যক্ষমতায় ফিরতে পারেনি। এ কারণে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অবস্থান পরিবর্তন করে ঘাঁটিগুলো আরও দূরবর্তী এলাকায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ঘাঁটি অঞ্চলের যেখানেই স্থানান্তর করা হোক, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হুমকি মোকাবিলার সংকল্পে কোনো পরিবর্তন আসবে না।

সমুদ্রে লক্ষ্যবস্তুতে হামলার দাবি

ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয়ের কথা উল্লেখ করে আবদোল্লাহি বলেন, এখন ইরান সমুদ্রে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং এর ফলে প্রতিপক্ষকে পিছু হটতে হচ্ছে।

তিনি বলেন, শেষ পর্যন্ত প্রতিপক্ষকে ইরানের অধিকার ও স্বার্থের প্রতি সম্মান দেখাতে এবং নিজেদের আচরণ পরিবর্তন করতে বাধ্য হতে হবে।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশটির সামরিক শক্তি দুই শক্তিশালী প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মধ্যে একটি বৈশ্বিক পরাশক্তি এবং অন্যটিকে তিনি বিশ্বের পঞ্চম শক্তিশালী সামরিক শক্তি হিসেবে উল্লেখ করেন।

আবদোল্লাহির মতে, ইরানের শত্রুরা দেশটির জনগণের দৃঢ় মনোবল ও ঐক্য সম্পর্কে ভুল হিসাব করেছিল। ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৎকালীন ইরাকি শাসক সাদ্দাম হোসেনও ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরোধের শক্তি সম্পর্কে ভুল ধারণার ভিত্তিতে আগ্রাসন চালিয়েছিলেন।

২৪ থেকে ৪৮ ঘণ্টায় ইরানকে পরাজিত করার ধারণা ভুল ছিল: আবদোল্লাহি

ইরানের এই সামরিক কর্মকর্তা আরও দাবি করেন, দেশটির শত্রুরা মনে করেছিল ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটানো সম্ভব হবে। একই সঙ্গে বিরোধী শক্তিগুলোকে রাস্তায় আধিপত্য বিস্তারের সুযোগ তৈরি করে দেওয়া যাবে বলেও তারা ধারণা করেছিল।

তবে আবদোল্লাহির দাবি, প্রথম হামলার মাত্র এক ঘণ্টার মধ্যেই ইরান পাল্টা জবাব দিয়েছিল। এতে প্রতিপক্ষের হিসাব-নিকাশ ভুল প্রমাণিত হয়েছে।

মার্কিন ঘাঁটিতে ক্ষয়ক্ষতির চিত্র

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) স্যাটেলাইট চিত্রভিত্তিক এক বিশ্লেষণে দেখা গেছে, আগস্ট পর্যন্ত মধ্যপ্রাচ্যের ২৬টি সামরিক ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম থাকা অন্যান্য স্থাপনায় ১১৫টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

বিশ্লেষণ অনুযায়ী, কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার, বেশ কয়েকটি গুদাম এবং ১০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এপি-কে মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তাদের অনেক সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে। এর মধ্যে রয়েছে বিমান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং যোগাযোগ সরঞ্জাম।

অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের পৃথক এক বিশ্লেষণে ২৪টি সামরিক স্থাপনায় ২৭৪টি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে। পেন্টাগনের একটি হিসাবের ভিত্তিতে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৫০০ কোটি ডলার বলে উল্লেখ করা হয়েছে।

ইরানের সামরিক নেতৃত্বের এসব বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থানান্তরকে তেহরান তাদের নিরাপত্তা কৌশলের বাইরে কোনো বিষয় হিসেবে দেখছে না। বরং ঘাঁটির অবস্থান পরিবর্তন হলেও সেগুলোকে হামলার আওতায় রাখার সক্ষমতা রয়েছে বলে দাবি করছে ইরান।