হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ধ্বংস করলো ইরান

হরমুজ প্রণালির পশ্চিম ও পূর্ব অংশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ড্রোন দুটি হলো যুক্তরাষ্ট্রের ‘লুকাস’ ও ‘এমকিউ-৯’।

বুধবার (২৫ নভেম্বর) ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পশ্চিম অংশে যুক্তরাষ্ট্রের একটি লুকাস ড্রোন শনাক্ত করার পর দেশীয় প্রযুক্তিতে তৈরি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে সেটি ধ্বংস করা হয়েছে।

একইভাবে হরমুজ প্রণালির পূর্ব অংশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোনে আঘাত হেনে সেটি ধ্বংস করা হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, উভয় ড্রোনই দেশীয়ভাবে তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

তবে ড্রোন দুটি ধ্বংসের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য মেহের নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।