২৭ হুথি সদস্যকে হত্যা করার দাবি ইয়েমেনের

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সামরিক অভিযান চালিয়ে হুথি গোষ্ঠীর ২৭ সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির সরকারি সেনাবাহিনী। মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিচালিত এ অভিযানে আরও বেশ কয়েকজন হুথি সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি সেনাবাহিনীর ৩৫তম আর্মার্ড ব্রিগেডের সদস্যরা পপুলার রেজিস্ট্যান্স বাহিনীর সহযোগিতায় তাইজের আল-মিসরাখ এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালান। সেনাবাহিনীর দাবি, এতে হুথিদের বেশ কয়েকটি প্রতিরক্ষা স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, একই প্রদেশের ইয়ানান গ্রামে হুথিদের ছোড়া গোলার আঘাতে এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা।

অন্যদিকে, মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে বিস্ফোরকবাহী হুথিদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সরকারি বাহিনী। পাশাপাশি আল-জাওফ প্রদেশের আল-হাজম এলাকার দক্ষিণ-পূর্বাঞ্চলে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে সামরিক সূত্র জানিয়েছে।

তবে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি পৃথক এক বিবৃতিতে দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরব ৭২টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর দেশটিতে সংঘাত শুরু হয়। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযানে যোগ দিলে সংঘাত আরও ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের এই যুদ্ধের ফলে ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।