গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ১৬ ফিলিস্তিনি

গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান থেকে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দেইর আল-বালাহ শহরের পশ্চিমাংশে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার। কোনো পূর্বসতর্কতা ছাড়াই চালানো এ হামলায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এলাকাটি শহরের শরণার্থী শিবিরের প্রবেশপথের কাছে অবস্থিত।

হামলার পর অ্যাপার্টমেন্টটিতে আগুন ধরে যায়। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কর্মীরা সেখান থেকে আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়া দুটি মরদেহ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আহতদের আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

ভোরের দিকে ঘনবসতিপূর্ণ ওই এলাকায় হামলা চালানো হয়। আশপাশের সড়কের পাশে বাড়ি ও তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন বহু পরিবার।

এদিকে গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই শহরের দারাজ এলাকায় আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন। এ ছাড়া বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া আত-তাওয়াম ও জাবালিয়া এলাকার তাঁবু লক্ষ্য করেও হামলা চালানো হয়।

ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়েছেন ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। খান ইউনিসে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দুই কমান্ডার নাঈম আবু নাহল ও মোহাম্মদ আবু আল-ওউফ নিহত হয়েছেন। ইসরায়েল গাজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে মন্ত্রণালয়।