হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ রয়েছে: শাহরাম ইরানি

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ব্যর্থ বলে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার এক বক্তব্যে শাহরাম ইরানি বলেন, হরমুজ প্রণালি দিয়ে অন্তত একটি জাহাজ পার করানোর জন্য শত্রুপক্ষ তাদের হাতে থাকা সব ধরনের উপায় কাজে লাগিয়েছে। তবে এ প্রচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

ইরানের নৌবাহিনীপ্রধানের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে প্রতিপক্ষের নানা উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন সম্ভব হবে না। তিনি বলেন, ‘শত্রুপক্ষ হরমুজ প্রণালি দিয়ে একটি জাহাজ পার করানোর জন্য তাদের হাতে থাকা সব উপায় প্রয়োগ করেছে। কিন্তু এটি তাদের অলীক প্রত্যাশা। প্রণালিটি বন্ধ রাখার নির্দেশ রয়েছে।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে বিশ্বের মোট তেল সরবরাহের উল্লেখযোগ্য অংশ পরিবহন করা হয়।

ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ বা সীমিত হয়ে পড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, তেলের দাম ও বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা থাকে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল