যুক্তরাষ্ট্রের ‘চুরি করা’ দুটি তেলের ট্যাংকার উদ্ধার করলো ইরান

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে ‘চুরি হওয়া’ দুটি ইরানি তেলবাহী ট্যাংকার নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (২৭ নভেম্বর) বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজ দুটির নাবিকরা ঘুমিয়ে থাকার সুযোগে ইরানি সেনারা সেগুলোতে উঠে নিয়ন্ত্রণ নিয়ে উদ্ধার করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার নামে জাহাজমালিকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও তুলেছে তেহরান।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল। কিন্তু আমাদের বাহিনী জাহাজগুলোর নাবিকরা ঘুমিয়ে থাকার সময় সেগুলোতে উঠে নিয়ন্ত্রণ নিতে এবং উদ্ধার করতে সক্ষম হয়েছে।’

তবে কোন এলাকায়, কখন কিংবা কীভাবে ট্যাংকার দুটি উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরানের নৌবাহিনী। এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন কর্মকর্তারা।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে জাহাজমালিকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও করেছে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের বাহিনী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে অর্থ আদায় করছে। কিন্তু পরে কোনো জাহাজ হামলার শিকার হলে তারা বিষয়টি স্বীকার করে না, এমনকি নেওয়া অর্থও ফেরত দেয় না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। পাল্টাপাল্টি হামলা ও সামরিক তৎপরতায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে।

এর মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ১৮ জুন একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিয়ম ও নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধের কারণে তা কার্যকর হয়নি। কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকলেও জুলাই থেকে বিভিন্ন সময়ে সামরিক সংঘাত আবারও শুরু হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি