পরিবারের কাছে যাওয়ার অনুমতি চাওয়ায় স্বামীর মারধরে কিশোরীর মৃত্যু

সন্তান জন্ম দেওয়ার কয়েক দিন পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার অনুমতি চেয়েছিলেন ১৪ বছর বয়সী ইরানি কিশোরী সোগান্দ মোশতারেকি। এ নিয়ে স্বামীর মারধরের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, কেরমান প্রদেশের বাসিন্দা সোগান্দের স্বামীর বয়স ২০ বছর। স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। হত্যার কারণ হিসেবে ‘পারিবারিক বিরোধের’ কথা উল্লেখ করেছেন বলে জানিয়েছে আইএইচআর।

সোগান্দকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দিতেন না তাঁর স্বামী। স্বামী বাড়ির বাইরে গেলে তাঁকে ঘরে আটকে রাখা হতো বলেও জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে নেওয়ার পথে সোগান্দ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তবে দুর্ঘটনা থেকে বেঁচে গিয়ে তিনি নিরাপদে সন্তান প্রসব করেন। এর কয়েক দিন পর স্বামীর নির্যাতনে তাঁর মৃত্যু হয়।

আইএইচআর বলছে, এ ঘটনা ইরানে জোরপূর্বক বিয়ের ভয়াবহ পরিণতি সামনে এনেছে। সংস্থাটির মতে, বৈষম্যমূলক আইন, পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো এবং অপরাধীদের দায়মুক্তির কারণে এ ধরনের অপরাধের ঝুঁকি তৈরি হচ্ছে।

সোগান্দের মৃত্যুর দিনই ফার্স প্রদেশের ২১ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী সেপিদেহ রায়িসিকে হত্যার খবর পাওয়া যায়। তাঁকেও জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছিল এবং স্বামীর হাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সূত্র।

অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যার অভিযোগে বাবা-মা গ্রেপ্তার

চলতি মাসের শুরুতে ইরানের পশ্চিমাঞ্চলীয় সানানদাজ শহরে ১৯ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যার ঘটনা ঘটে। হেলিয়া ফাত্তাহি নামের ওই তরুণী এক যুবকের সঙ্গে সম্পর্কের কারণে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়েছিলেন। বিষয়টি পরিবারকে জানানোর পর তাঁর বাবা-মা ক্ষুব্ধ হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বাবা-মা তাঁকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনি প্রতিরোধী ওষুধের বড়ি খাওয়ান এবং মারধর করেন। পরে বালিশ চাপা দিয়ে তাঁকে হত্যা করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। তাঁরা দুজনই হত্যার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এবং আরেকটি মানবাধিকার সংগঠন হানা ঘটনাটিকে তথাকথিত ‘সম্মান রক্ষার’ নামে হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে।