গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এ কাজে ইসরায়েলি সেনা কর্মকর্তারা উৎসাহ দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে বিষয়টি জেনেও উপেক্ষা করেছেন বলে এক প্রতিবেদনে উঠে এসেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা নিজেদের প্রবেশের আগে বিস্ফোরক ও প্রতিরোধযোদ্ধাদের সন্ধানে ফিলিস্তিনিদের দিয়ে বিভিন্ন ভবন ও সুড়ঙ্গ তল্লাশি করাতেন। সেনা কর্মকর্তারাও এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহ জুগিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় এ প্রথা ছড়িয়ে পড়ে। বিপজ্জনক ভবন ও সুড়ঙ্গে সেনারা প্রবেশের আগে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সেখানে পাঠানো হতো।
ইসরায়েলি সেনাদের মধ্যে এ পদ্ধতি ‘মশা প্রটোকল’ নামে পরিচিত ছিল। এতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের, বিশেষ করে তরুণদের আটক করে ভবন ও সুড়ঙ্গে পাঠানো হতো। তাঁদের দিয়ে বিস্ফোরক ও প্রতিরোধযোদ্ধাদের উপস্থিতি খুঁজে দেখতে বাধ্য করা হতো।
প্রতিবেদনে এক ইসরায়েলি সেনার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি জানান, ২০২৪ সালের গ্রীষ্মে গাজার শুজাইয়া এলাকায় মানসিক প্রতিবন্ধকতা রয়েছে বলে মনে হওয়া এক তরুণ ফিলিস্তিনিকে মারধর ও চোখ বেঁধে বিভিন্ন কক্ষের আলমারি এবং বিছানা তল্লাশি করতে বাধ্য করা হয়।
ওই সেনার ভাষ্য অনুযায়ী, তাঁরা তল্লাশির কাজে দুটি কুকুর ব্যবহারের অনুমতি চেয়েছিলেন। কিন্তু কমান্ডাররা তা নাকচ করে বলেন, ‘দুটি কুকুর নয়, তোমাদের জন্য একজন মশা থাকবে।’
সেনাটি আরও বলেন, ওই ফিলিস্তিনি তরুণ ‘কিছুটা কেঁদেছিল’ এবং সে যে কোনো প্রতিরোধযোদ্ধা নয়, তা স্পষ্ট ছিল।
আরেক সেনা কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকাশ্যেই এ পদ্ধতিকে উৎসাহিত করতেন। এক ব্যাটালিয়ন কমান্ডার রেডিওতে সেনাদের নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘ওদের আমার জন্য রেখে দাও; আমি একজনকে আমার মশা হিসেবে ব্যবহার করব।’
ওই কর্মকর্তা বলেন, ‘এই প্রটোকল সম্পর্কে সবাই জানত।’ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ থেকে বোঝা যায়, ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো সেনা বা নির্দিষ্ট ইউনিটের মধ্যে সীমাবদ্ধ ছিল না।
অনুসন্ধানে এমন কিছু ঘটনার তথ্যও উঠে এসেছে, যেখানে মানবঢাল হিসেবে ব্যবহার করা ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন। সেনারা তাঁদের প্রতিরোধযোদ্ধা ভেবে গুলি চালিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কিছু ঘটনায় ফিলিস্তিনিদের পরে ইসরায়েলি সেনাবাহিনীর পোশাক পরানো হলেও কোনো সুরক্ষাসামগ্রী ছাড়াই বিপজ্জনক স্থানে পাঠানো হয়েছিল।
অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচারের আগে ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক মহলে বিতর্ক তৈরি হয়। ইসরায়েলের সামরিকবিষয়ক মন্ত্রী ইসরায়েল কাৎজ প্রতিবেদনটি প্রচার ঠেকানোর চেষ্টা করেছিলেন বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।
অন্যদিকে বিরোধী রাজনীতিক আভিগদর লিবারম্যান প্রতিবেদনটিকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ‘রক্তের অপবাদ’ বলে আখ্যা দেন।
প্রতিবেদনটি প্রচারের পর কয়েকজন দর্শক একে রাষ্ট্রদ্রোহের সমতুল্য বলে মন্তব্য করেন। রিজার্ভ সেনা বেন ইয়াকভ সাবো সতর্ক করে বলেন, এ প্রথা বন্ধ করা হলে ‘অনেক মানুষের প্রাণহানি ঘটবে’।
ইসরায়েলি সমাজে সেনাবাহিনীর সমালোচনা এখনো কতটা স্পর্শকাতর, এ বিতর্কে তা সামনে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গণমাধ্যমবিষয়ক গবেষক আয়ালা পানিয়েভস্কি বলেন, প্রতিক্রিয়াগুলো দেখিয়েছে, ইসরায়েলি সমাজে সেনাবাহিনীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানো কতটা কঠিন।
প্রতিবেদন অনুযায়ী, মানবঢাল ব্যবহারের অন্তত ১৬টি সন্দেহভাজন ঘটনা তদন্তাধীন রয়েছে। এর মধ্যে ১০টি গাজায় এবং ছয়টি অধিকৃত পশ্চিম তীরে ঘটেছে।
তবে এসব তদন্ত সত্ত্বেও এ প্রথার সঙ্গে জড়িত কোনো ইসরায়েলি সেনার বিরুদ্ধে এখনো বিচারিক কার্যক্রম শুরু হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। ফলে বিষয়টি সম্পর্কে অবগত থাকা এবং তা চলতে দেওয়ার জন্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের দায় কতটুকু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সামরিক বাহিনী বা স্থাপনাকে রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করা এবং তাঁদের বিপদের মুখে ঠেলে দেওয়া নিষিদ্ধ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজা উপত্যকায় অন্তত ৭৪ হাজার ৭৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৩৪ জন। বিকল্প হেডিং