পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে: ট্রাম্প

পাকিস্তানের বর্তমান সরকার ও সামরিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘অসাধারণ’ ও ‘দারুণ’ অভিহিত করে ট্রাম্প বলেছেন, পাকিস্তান এখন খুব ভালো করছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। খবর আল জাজিরার।

পাক-আফগান সংঘাত নিরসনে তিনি কোনো মধ্যস্থতা বা হস্তক্ষেপ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি করতেও পারি। আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, খুবই ভালো।’ 

তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তানের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন এবং সেখানে একজন দারুণ জেনারেল আছেন। তাঁদের দুজনকে আমি অত্যন্ত সম্মান করি। আমার মনে হয় পাকিস্তান এখন অসাধারণভাবে ভালো করছে।’

এদিকে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার এই সরাসরি যুদ্ধ আফগানিস্তানের বিদ্যমান মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। সহায়তার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যা অর্থাৎ ২ কোটি ২০ লক্ষ মানুষের এখনই জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। যুদ্ধ যদি আরও তীব্র হয়, তবে এই সংখ্যা ভয়াবহভাবে বাড়বে।’

ডুজারিক আরও জানান, মানবিক কর্মীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রতিকূলতার মধ্যেও সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করছেন।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ইতিবাচক মন্তব্য পাকিস্তানের বর্তমান সরকারের জন্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বড় এক সমর্থন হিসেবে কাজ করবে।