ইরানে হামলার তীব্রতা নাটকীয়ভাবে বাড়ানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানের ওপর চলমান সামরিক অভিযানের তীব্রতা কয়েকগুণ বাড়ানোর চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের রাজধানী তেহরানসহ দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর এখন ‘নাটকীয়ভাবে’ বড় ধরণের বোমাবর্ষণ শুরু হতে যাচ্ছে।

গত রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অ্যাডমিরাল ব্র্যাড কুপারের উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন।

হেগসেথ জানান, ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটেনের সামরিক ঘাঁটি ‘দিয়েগো গার্সিয়া’ ব্যবহারের অনুমতি পাওয়ায় যুক্তরাষ্ট্রের জন্য ইরানের ওপর হামলা চালানো এখন আরও সহজ ও বিধ্বংসী হবে। যদিও এই ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে কিছুটা দেরি করায় লন্ডনের ওপর সামান্য বিরক্তি প্রকাশ করেছেন তিনি। 

হেগসেথ বলেন, ‘ব্রিটেন প্রথম দিন থেকেই আমাদের এই সুযোগ দিলে ভালো হতো, তবে শেষ পর্যন্ত আমরা সেখানে পৌঁছাতে পেরেছি।’

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ঘোষণা করেছেন যে, তারা কাতারে মোতায়েন করা ব্রিটিশ স্কোয়াড্রনে আরও চারটি ‘টাইফুন’ ফাইটার জেট পাঠাচ্ছেন। স্টারমার স্পষ্ট করেছেন যে, ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র মূলত ‘প্রতিরক্ষামূলক অভিযান’ (Defensive Operations) পরিচালনা করবে।