যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষণকে উদ্দীপিত করলেও, ওয়াশিংটনে ঘটেছে এক ভিন্ন চিত্র। আল জাজিরা-র প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যুদ্ধকে কেন্দ্র করে অনলাইন জুয়ায় বড় অঙ্কের মুনাফা অর্জন করেছেন কয়েকজন ব্যক্তি।
বিশেষায়িত অনলাইন প্ল্যাটফর্ম ‘কালশি’ এবং ‘পলিমার্কেট’-এ ব্যবহারকারীরা যুদ্ধ ও গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ঘটনার সম্ভাব্য ফলাফলের ওপর বাজি ধরছেন। সম্প্রতি পলিমার্কেটে মাগামাইম্যান নামের এক ব্যবহারকারী মাত্র একদিনেই ৫ লাখ ডলারের বেশি আয় করেছেন। তার বাজির বিষয়বস্তু ছিল, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ক্ষমতায় থাকবেন না।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় ছিল বাজির সময়কাল। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক প্রতিনিধি মাইক লেভিন সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, হামলার খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার প্রায় ৭১ মিনিট আগে পলিমার্কেটে ব্যাপক বাজি ধরা হয়।
লেভিনের পোস্ট অনুযায়ী, মাগামাইম্যান লেনদেন শুরু করার সঙ্গে সঙ্গেই বাজি ধরেছিলেন, অথচ তখন হামলার সম্ভাবনা মাত্র ১৭ শতাংশ ছিল। এই ব্যবধান এবং বাজির পরিমাণ অনেকের কাছে সন্দেহের উদ্রেক করেছে।
সূত্র: আলজাজিরা