আমি না থাকলে ইরান মধ্যপ্রাচ্য দখল করে নিতো: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করে বলেছেন, তার গৃহীত সামরিক পদক্ষেপ ‘অপারেশন মিডনাইট হ্যামার’ না হলে ইরান পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিতো। ট্রাম্পের মতে, ইরান পরমাণু অস্ত্র তৈরির অত্যন্ত কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং তার নেওয়া পদক্ষেপই এই অঞ্চলকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্বাস করি যে, খামেনি মধ্যপ্রাচ্য দখল করতে চেয়েছিলেন। যদি অপারেশন মিডনাইট হ্যামার না ঘটতো, তবে তাদের এই লক্ষ্য পূরণ নিশ্চিত ছিল। কারণ মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তাদের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসতো। আমাদের অভিযান তাদের জন্য বড় একটি ধাক্কা ছিল।’

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘গত ছয় মাসে তারা যে পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, তা অবিশ্বাস্য। এসব ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের দিকে তাক করা ছিল। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের দিকে এক হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।’

নিজেকে মধ্যপ্রাচ্যের ‘ত্রাতা’ হিসেবে দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘মধ্যপ্রাচ্য এবং সেখানকার ধনী দেশগুলো অত্যন্ত ভাগ্যবান যে অন্য কারো বদলে আমি তখন প্রেসিডেন্ট ছিলাম। আমরা তাদের পরিকল্পনার আগেই ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি।’