ইরান যুদ্ধ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ওপর ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের প্রতিক্রিয়ায় স্টারমারের পক্ষে সাফাই গাইলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। তিনি ট্রাম্পকে মনে করিয়ে দিয়ে বলেছেন, স্টারমারের শান্ত থাকার সক্ষমতাকে যেন কেউ অবমূল্যায়ন না করে।
বিবিসি নিউজ নাইটকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আলেকজান্ডার স্টাব বলেন, তিনি স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বের ভক্ত। বিশ্ব নেতাদের ট্রাম্পের সঙ্গে সম্পর্কের সমীকরণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘ট্রাম্পের সঙ্গে অনেক নেতারই ‘সুদিন’ এবং ‘দুর্দিন’ উভয়ই যায়। এটা নতুন কিছু নয়।’
ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে ব্রিটেন সরাসরি অংশ নিলেও স্টারমার সম্প্রতি সাফ জানিয়ে দিয়েছেন যে, যুক্তরাজ্য কোনো ‘বৃহত্তর যুদ্ধে’ (Wider War) জড়াতে চায় না। স্টারমারের এই মন্তব্যে ট্রাম্প প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, তিনি লন্ডনের ওপর ‘খুশি নন’।
ফিনল্যান্ড বা অন্যান্য ন্যাটো মিত্রদের এই যুদ্ধে যোগ দেওয়া উচিত কি না- এমন প্রশ্নের জবাবে স্টাব বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা ছিল সম্পূর্ণ আকস্মিক। আমাদের কারোরই এই বিষয়ে আগাম কোনো ধারণা ছিল না। সম্ভবত সে কারণেই মিত্র দেশগুলোর মধ্যে কিছুটা অনীহা ও জড়তা দেখা যাচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ফিনল্যান্ড বর্তমানে রাশিয়ার সাথে তাদের ১,৩৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে অনেক বেশি ব্যস্ত। স্টাব বলেন, ‘আমাদের নিজেদের আঙ্গিনা সামলাতেই সব শক্তি ব্যয় হচ্ছে। এই মুহূর্তে উত্তেজনা বাড়ানোর চেয়ে আমরা শান্তি মধ্যস্থতা দেখতে বেশি আগ্রহী।’
সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসন কর্তৃক রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপেরও কড়া সমালোচনা করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট ভাষায় জানান, তিনি বিষয়টি মোটেও পছন্দ করছেন না।