ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে আগ্রাসনে হাজারো প্রাণহানী ছাড়াও সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে বিশ্ব জ্বালানি বাজারে। গত ২৮ ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেল আবিব হামলা শুরু করার পর সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। হু হু করে বাড়ছে তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম। এতে মূল্যবৃদ্ধির কাতারে যুক্ত হচ্ছে খাদ্যদ্রব্যমূল্য, পরিবহণ খচরসহ বিভিন্ন পণ্য ও সেবার দাম। এই দাম বাড়ার কষাঘাত ব্রিটিশদেরও ভোগাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ইতোমধ্যে যুক্তরাজ্যের বাজারে তেল ও গ্যাসের দামের পাশাপাশি পাউরুটি, পাস্তা ও সিরিয়াল, শাকসবজি, ফলমূল এবং সারের দামও বেড়েছে। এছাড়া মাছ ধরার নৌকার জন্য ব্যবহৃত 'রেড ডিজেল'-এর দাম প্রায় ৭৩ শতাংশ বেড়ে যাওয়ায় সামুদ্রিক মাছের দামও বাড়ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আজ শুক্রবার (২০ মার্চ) বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পণ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, যা সাধারণ পরিবারগুলোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে।
তিনি জানান, তার সরকার সাধারণ মানুষের বাজেট সুরক্ষিত রাখতে এবং অতিরিক্ত ব্যয় কমাতে কাজ করছে।
স্টারমার সতর্ক করে বলেছেন, দীর্ঘস্থায়ী সংঘাত জীবনযাত্রার খরচ আরও বাড়িয়ে দেবে এবং বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি মীমাংসায় পৌঁছানোই হবে সর্বোত্তম সমাধান।
সূত্র: আলজাজিরা।