মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় তাকে আরও সামরিক বিকল্প দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এর অংশ হিসেবে অঞ্চলে অতিরিক্ত প্রায় ১০ হাজার স্থলসেনা পাঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের এই সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে অবগত কর্মকর্তাদের মতে, নতুন করে পাঠানো বাহিনীতে পদাতিক সেনার পাশাপাশি সাঁজোয়া যানও অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ, শুধু প্রতিরক্ষামূলক উপস্থিতি নয়, প্রয়োজনে দ্রুত আক্রমণ বা প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতাও বাড়াতে চাইছে ওয়াশিংটন।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে। মার্কিন বাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ৫ হাজার মেরিন সেনা এবং আরও প্রায় ২ হাজার প্যারাট্রুপার মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ বিবেচনায় থাকা পরিকল্পনা বাস্তবায়ন হলে এই সংখ্যার সঙ্গে আরও প্রায় ১০ হাজার সেনা যুক্ত হতে পারে।
সূত্র: আলজাজিরা