যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সৌদি-সমর্থিত এক বিনিয়োগ ফোরামে বক্তব্য দিতে গিয়ে তীক্ষ্ণ কটাক্ষ আর হঠাৎ প্রশংসার মিশেলে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের কেন্দ্রে ছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যাকে প্রথমে আক্রমণ, পরে প্রশংসায় ভাসান ট্রাম্প।
ফোরামে ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র আবারও বিশ্বশক্তিতে পরিণত হয়েছ যা নাকি একসময় কল্পনাও করতে পারেননি সৌদি যুবরাজ। ট্রাম্পের ভাষায়, এক বছর আগেও যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে করা হতো, এখন সেটিই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তি।
এরপরই সুর আরও কঠোর করেন ট্রাম্প। তিনি বলেন, সৌদি যুবরাজ তার সক্ষমতা ভুলভাবে মূল্যায়ন করেছিলেন এবং এখন তাকে ভালো ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে ইঙ্গিত দেন, তিনি অন্য মার্কিন প্রেসিডেন্টদের মতো নন যারা সহজে পরাজিত হন।
তবে এই কড়া অবস্থান বেশিক্ষণ স্থায়ী হয়নি। বক্তব্যের মাঝপথেই নাটকীয়ভাবে সুর পাল্টে ফেলেন ট্রাম্প। একই মঞ্চে তিনি সৌদি যুবরাজকে চমৎকার মানুষ ও যোদ্ধা বলে অভিহিত করেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেন। সৌদি আরবের বর্তমান অবস্থান নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে। তাঁর দাবি, সৌদি আরবসহ কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত সক্রিয়ভাবে ওয়াশিংটনকে সমর্থন করছে। সূত্র: এনডিটিভি