মিলিশিয়া হামলার শঙ্কা, মার্কিনিদের ইরাক ছাড়ার নির্দেশ

সম্ভাব্য নিরাপত্তা হুমকির আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই হামলার আশঙ্কার কথা উল্লেখ করে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়ারা আমেরিকান নাগরিক ও তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় দূতাবাস এই সতর্কতা পুনর্ব্যক্ত করে।

সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দর, এমনকি ইরাকি সরকারি প্রতিষ্ঠান ও বেসামরিক লক্ষ্যবস্তু।

দূতাবাস আরও জানায়, সাম্প্রতিক সময়ে মিলিশিয়ারা আমেরিকানদের অপহরণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার ঘটনাও এতে উল্লেখ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে যেন কোনো অবস্থাতেই ইরাক ভ্রমণ না করা হয় এবং যারা বর্তমানে দেশটিতে অবস্থান করছেন, তাদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি