চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল সম্পদ দখলের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি ইরান অবিলম্বে চুক্তি না করে, তবে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধ্বংসযজ্ঞ চালানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে রোববার (৫ এপ্রিল) এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে, তবে আমি দেশের তেল সম্পদ দখলসহ বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার সব পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছি।’

ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত ‘শিগগিরই’ শুরু হবে এবং দেশজুড়ে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেছেন, ইরানকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে, তবে আলোচনার টেবিলে বসা কিছু ইরানি কর্মকর্তা বর্তমানে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করেন, সোমবারের (৬ এপ্রিল) মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ তৈরি হতে পারে।

ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, পূর্বে দেওয়া সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ইরানের ওপর ‘চরম ধ্বংসযজ্ঞ’ নামানো হবে। হরমুজ প্রণালি, তেলভিত্তিক অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো মার্কিন হামলার প্রাথমিক লক্ষ্য হতে পারে।

হরান থেকে ট্রাম্পের দাবিগুলো বারবার নাকচ করা হয়েছে। ইরানি কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, ট্রাম্পের পূর্বের যে দাবি বা শর্তসমূহ উত্থাপিত হয়েছিল, তার কোনো বৈধ ভিত্তি নেই। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মার্কিন হুমকি ও চাপে আমরা কোনোভাবেই চুক্তির জন্য প্রস্তুত নই এবং দেশের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে।’ সূত্র: বিবিসি