হরমুজ প্রণালির মধ্য দিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া ছাড়াই যুক্তরাষ্ট্রের দুটি নৌ ডেস্ট্রয়ার অতিক্রম করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নাজুক যুদ্ধবিরতির মধ্যেই এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে তুলে ধরেন তিনি।
ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অত্যাধুনিক ও নতুন দুটি ডেস্ট্রয়ার সরাসরি প্রণালির মাঝখান দিয়ে গেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার ভাষায়, এই যাত্রা নির্বিঘ্ন ছিল এবং এতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ব্যবহৃত প্রযুক্তি এতটাই উন্নত যে কোনো হামলার উৎস দ্রুত শনাক্ত করে কয়েক মিনিটের মধ্যেই পাল্টা আঘাত হানা সম্ভব। তার মতে, এই সক্ষমতাই প্রতিপক্ষকে প্রতিক্রিয়া দেখাতে নিরুৎসাহিত করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, একই সময় দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন ও ইউএসএস মাইকেল মারফি হরমুজ প্রণালি অতিক্রম করে আরব উপসাগরে প্রবেশ করেছে। তারা প্রণালিতে স্থাপিত সমুদ্র-মাইন অপসারণের বৃহত্তর মিশনের অংশ হিসেবে কাজ করছে বলে জানানো হয়েছে। সূত্র: সিএনএন