হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ট্রাম্পের ‘ধন্যবাদ’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে ইরান। তেহরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ইরান এইমাত্র ঘোষণা করেছে যে, তাদের প্রণালিটি (হরমুজ) এখন পুরোপুরি উন্মুক্ত এবং সব ধরনের জাহাজ চলাচলের জন্য প্রস্তুত। ধন্যবাদ!

ফেব্রুয়ারি মাসে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিবাদে তেহরান এই ব্যস্ততম তেল সরবরাহ পথটি কার্যত বন্ধ করে দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে পাল্টা নৌ-অবরোধের ঘোষণা দেয়।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির সঙ্গে সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আরাগচি একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছেন—এই জলপথটি শুধুমাত্র ‘যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদ পর্যন্ত’ সবার জন্য খোলা থাকবে।

আরাগচি বলেন, ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন কর্তৃক নির্ধারিত সমন্বিত রুট মেনেই সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বর্তমান দুই সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হতে যাচ্ছে। ফলে আরাগচির ঘোষণা অনুযায়ী, ২২ এপ্রিল পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত থাকছে। এই নির্দিষ্ট সময়ের পর জলপথটি আবারও বন্ধ হবে কি না, তা নিয়ে এখনও গভীর অনিশ্চয়তা রয়ে গেছে।