যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড আবারও সামাজিক মাধ্যমে সরব হয়ে ইরানকে ঘিরে তীব্র বক্তব্য দিয়েছেন। চলমান উত্তেজনার মধ্যেই নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একের পর এক পোস্ট করে তিনি দাবি করেছেন, ইরান ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে।
সর্বশেষ পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে এবং প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ হারাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, দেশটি প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ছে, যা তাদের অর্থনীতিকে দ্রুত দুর্বল করে দিচ্ছে।
একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরান মরিয়া হয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের মতে, এই জলপথ সচল করা এখন তেহরানের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া ইরানের নিরাপত্তা কাঠামো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ট্রাম্প দাবি করেন, দেশটির সামরিক বাহিনী ও পুলিশ সদস্যরা নিয়মিত বেতন পাচ্ছেন না এবং এ নিয়ে অসন্তোষ বাড়ছে। পরিস্থিতি বোঝাতে তিনি ‘এসওএস’ শব্দ ব্যবহার করেন, যা জরুরি সংকটের ইঙ্গিত বহন করে। সূত্র: আলজাজিরা