যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন জানিয়েছেন, যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানে আবারও সামরিক পদক্ষেপ নিতে মার্কিন যৌথ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বক্তব্য শেষ করার পর পরিস্থিতি তুলে ধরেন তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) পেন্টাগনে ব্রিফিংয়ে কেইন বলেন, ইরানের বন্দরগুলো ঘিরে আরোপিত অবরোধ কার্যকর রাখতে সন্দেহভাজন জাহাজগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত অন্তত ৩৪টি জাহাজ অবরোধের মুখে দিক পরিবর্তন করেছে এবং ইরানের দিকে অগ্রসর হয়নি।
তবে ‘তৌসকা’ নামের একটি জাহাজ নির্দেশনা অমান্য করে এগিয়ে যেতে থাকে। কেইনের ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় ঘণ্টা সতর্কবার্তা উপেক্ষা করার পর মার্কিন বাহিনী ধাপে ধাপে কঠোর ব্যবস্থা নেয়। প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়া হয়, এরপর জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে ‘ডিসেবলিং ফায়ার’ চালানোর অনুমতি দেওয়া হয়, যার ফলে জাহাজটি অচল হয়ে পড়ে।
পরবর্তীতে বিশেষ বাহিনী অভিযান চালিয়ে জাহাজটি দখলে নেয়। কেইন নিশ্চিত করেন, জাহাজ ও এর ক্রুরা বর্তমানে নিরাপদে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে। সূত্র: বিবিসি