সাবেক মার্কিন কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন ইসরায়েলি বাহিনীর কথিত 'নৃশংসতা' এবং তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থায়নের তীব্র নিন্দা জানিয়েছেন। এক সময় ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত গ্রিন এখন তার কট্টর সমালোচকে পরিণত হয়েছেন।
লেবাননের ইয়ারুন গ্রামে খ্রিস্টান ধর্মীয় পবিত্র স্থানগুলো ইসরায়েলি বাহিনীর গুড়িয়ে দেওয়ার একটি ঘটনার সমালোচনা করে গ্রিন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, "আমেরিকান খ্রিস্টানরা সোচ্চার হোন!!! এমন নৃশংসতা চালানোর জন্য আমেরিকার চুপ থাকা উচিত নয় এবং ইসরায়েলকে অর্থায়ন বন্ধ করতে হবে।" গত জানুয়ারিতে কংগ্রেস থেকে পদত্যাগ করলেও রক্ষণশীলদের মধ্যে গ্রিন এখনও বেশ প্রভাবশালী কণ্ঠস্বর।
জেফরি এপস্টাইন কেলেঙ্কারি এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সামরিক অভিযানে ট্রাম্পের একতরফা সমর্থনকে কেন্দ্র করে তাদের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরে। গ্রিনের এই আক্রমণাত্মক অবস্থান মূলত ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে তার নিজস্ব 'মাগা' (MAGA) আন্দোলনের ভেতরেই বাড়তে থাকা অস্বস্তির বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনার যিশু খ্রিস্টের মূর্তি ভাঙার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গ্রিন সেই ক্ষোভকে পুঁজি করেই ট্রাম্প প্রশাসনের ইসরায়েল নীতিকে সরাসরি টার্গেট করেছেন। তার মতে, ধর্মীয় স্থাপনায় আঘাত হানার মতো কাজে মার্কিন করদাতাদের অর্থ ব্যয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।