ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী সংবাদমাধ্যমের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে 'রাষ্ট্রদ্রোহিতামূলক' এবং সিএনএন-কে 'নির্বোধ' বলে আখ্যায়িত করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বৃদ্ধির এক নির্বাহী আদেশে সই উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি যুদ্ধ ইস্যুতেই সবচেয়ে আক্রমণাত্মক অবস্থান নেন।
ট্রাম্প দাবি করেন, সংবাদমাধ্যমগুলো এমনভাবে প্রতিবেদন প্রকাশ করছে, যাতে মনে হয় ইরান এই যুদ্ধে এগিয়ে রয়েছে। তার ভাষায়, 'প্রতিদিন আমি পড়ি তারা কত ভালো করছে। বাস্তবে তাদের আর কিছুই অবশিষ্ট নেই, তারা শেষ। অথচ আমি নিউ ইয়র্ক টাইমসে পড়ি, আর নির্বোধ সিএনএনে দেখি। এগুলো আমি দেখি, কারণ শত্রুর ওপর নজর রাখতে হয়।'
তিনি আরও অভিযোগ করেন, বিশেষ করে দ্য নিউ ইয়র্ক টাইমস-এর কিছু বিশ্লেষণ ও মতামতভিত্তিক লেখা এমন বার্তা দিচ্ছে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী। 'তারা যা করছে, আমার মতে তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কলামগুলো পড়লেই বোঝা যায়, বিষয়টি ওপরের স্তর থেকেই পরিচালিত হচ্ছে, এটি খুবই বিপজ্জনক', যোগ করেন তিনি।
এ সময় ট্রাম্প আবারও ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মুখে ইরান কার্যত ভেঙে পড়েছে। 'আমি এসব নিয়ে উদ্বিগ্ন নই, কারণ সবাই সত্য জানে, আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি', বলেন তিনি।
তবে এই অবস্থানের বিপরীতে ভিন্ন চিত্র তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস-এর সম্পাদকীয় বোর্ড। তাদের এক নিবন্ধে বলা হয়েছে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনী তাদের কৌশলগত শক্তির একটি অংশ হারাচ্ছে। সেখানে যুক্তি দেওয়া হয়, বিচ্ছিন্ন কিছু সাফল্য বড় ধরনের কৌশলগত জয়ে পরিণত হচ্ছে না; বরং এটি ওয়াশিংটনের সামগ্রিক অবস্থানকে দুর্বল করে দিতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি